স্পোর্টস ডেস্ক | CricBengal.com
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাঁকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
রোববার, ২৫ অক্টোবর লাহোরে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভারের শেষে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা রউফ ও ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের মধ্যে কথা-কাটাকাটি হয়।
আইসিসির তথ্য অনুযায়ী, ওয়াইডের আবেদন করার পর জ্যাকসের সঙ্গে তর্কে জড়ান রউফ। এ সময় তিনি ব্যাট উঁচিয়ে প্রতিক্রিয়া দেখান। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সতর্কবার্তার পরও তর্ক চালিয়ে যান এবং জ্যাকসের দিকে যাওয়ার সময় আম্পায়ারকে পাশ কাটিয়ে এগিয়ে যান।
আইসিসি জানিয়েছে, রউফের আচরণ খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের আওতায় পড়েছে। ২৪ মাসের মধ্যে এটি তাঁর তৃতীয় অপরাধ হওয়ায় তাঁর মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে পাঁচ হয়েছে। রউফ অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও
একই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় ইংল্যান্ড দলকেও জরিমানা করেছে আইসিসি। সময়ের ছাড় হিসাব করার পরও দলটি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল। এ কারণে ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচটিতে নাটকীয় এক উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। শাদাব খানের অপরাজিত ১১৩ রানের ইনিংস এবং হারিস রউফের সঙ্গে শেষ উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে জয় এনে দেয়। এই জয়ের মাধ্যমে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও জায়গা নিশ্চিত করে পাকিস্তান।
সূত্র: আইসিসি

